ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে শুরু হওয়া ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় চাঁদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ও চাঁদপুর পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধনী কার্যক্রমে যুক্ত হয় চাঁদপুর জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে ও চাঁদপুর পৌরসভার আয়োজনে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। শহরের বিপণীবাগ, পুরানবাজারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল হতে পারে এমন স্থান পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা, নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার, বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভার এর সম্পাদক মো. ফয়সাল আহম্মেদ ফরাজী, বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলার সম্পাদক মোহাম্মদ হোসেন।
পরিচ্ছন্নতা অভিযানে চাঁদপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি সামাজিক সংগঠন ক্লিন চাঁদপুর, জেলা রেড ক্রিসেন্ট ইউনিট, বিএনসিসি, স্কাউট এবং স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। সম্মিলিতভাবে তারা শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও গুরুত্বপূর্ণ বলে গুরুত্ব দেওয়া হয়। বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
চাঁদপুরে জেলা প্রশাসন ও পৌরসভার সমন্বয়ে পরিচালিত এ অভিযানে বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের চিত্র ফুটে ওঠে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম/
১২ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur