ডি এন (দ্বারকানাথ) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষক-কর্মচারীদের পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুন নাহার বলেন, “শিক্ষকরাই জাতি গঠনের মূল কারিগর। তাঁদের সততা, নিষ্ঠা ও ত্যাগের মধ্য দিয়েই একটি আলোকিত সমাজ গড়ে ওঠে। আজ যাঁরা অবসরে যাচ্ছেন, তাঁরা তাঁদের দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়িয়ে দিয়েছেন।”
তিনি আরও বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” এ সময় তিনি শিক্ষার্থীদের শিক্ষা ও খেলাধুলা—উভয় ক্ষেত্রে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সিনিয়র শিক্ষক সুজিত চক্রবর্তী, বিদায়ী সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলাম, বিদায়ী সহকারী শিক্ষিকা রুমানা বারী এবং বিদায়ী অফিস সহায়ক মো. হানিফ গাজী। শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র শিক্ষক ওসমান গনি।
সহকারী শিক্ষিকা উম্মে হাবিবা দোলার সঞ্চালনায় বক্তব্য পর্ব শেষে অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষক ও একজন অফিস সহায়ককে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
পরবর্তীতে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ ও শিক্ষকরা পুরস্কার বিতরণ করেন।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৫ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur