Home / চাঁদপুর / ডাস্টবিন থাকলেও সড়কেই ফেলা হচ্ছে ময়লা আর্বজনা
ডাস্টবিন

ডাস্টবিন থাকলেও সড়কেই ফেলা হচ্ছে ময়লা আর্বজনা

চাঁদপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি কবি কাজী নজরুল ইসলাম সড়ক (সাবেক স্ট্যান্ট রোড)। কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে এই সড়কের একটি অংশ পরিণত হয়েছে অস্থায়ী ময়লার ভাগাড়ে। পৌরসভার নির্ধারিত ডাস্টবিন থাকা সত্ত্বেও তার পাশেই সড়কের ওপর ফেলা হচ্ছে নানা ধরনের ময়লা-আবর্জনা। ফলে এলাকাজুড়ে সৃষ্টি হচ্ছে যানজট, তীব্র দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ।
বিশেষ করে পবিত্র রমজান মাসে বিষয়টি আরও বিব্রতকর হয়ে উঠেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে অসংখ্য পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী, হাসপাতালের নার্স ও ডাক্তার, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। কিন্তু সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনার দুর্গন্ধে অনেককেই নাক চেপে পথ পার হতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভার নির্দিষ্ট ডাস্টবিন থাকলেও অনেকেই তা ব্যবহার না করে পাশের সড়কের ওপরই ময়লা ফেলছেন। ফলে প্রতিদিনই এখানে নতুন করে আবর্জনার স্তূপ তৈরি হচ্ছে। বিশেষ করে পালবাজার এলাকার কাঁচাবাজারের কিছু ব্যবসায়ী নিয়মিতভাবে বাজারের পচা সবজি, ফলমূল ও অন্যান্য বর্জ্য এনে এখানে ফেলে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে সড়কের ঠিক পাশেই অবস্থিত চাঁদপুর পৌর ঈদগাহ। প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় এখানে হাজার হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। কিন্তু ঈদের কয়েকদিন আগে এমন নোংরা পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ঈদের সময় মুসল্লিদেরও চরম দুর্ভোগ পোহাতে হতে পারে।

স্থানীয় এক পথচারী বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি। ডাস্টবিন তো আছে, কিন্তু কিছু মানুষ সেটি ব্যবহার না করে পাশেই সড়কের ওপর ময়লা ফেলে রাখে। এতে পুরো এলাকা দুর্গন্ধে ভরে যায়। রমজানের সময় বিষয়টি আরও কষ্টদায়ক।

আরেকজন ব্যবসায়ী বলেন, এখানে বহুবার পরিষ্কার করা হলেও কিছুদিন পর আবার আগের মতো হয়ে যায়। যদি কঠোর নজরদারি না থাকে, তাহলে এই সমস্যা কখনোই বন্ধ হবে না।
চাঁদপুর পৌরসভার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এখানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে নিয়ম মেনে। কিন্তু অনেকেই নিয়ম না মেনে সড়কের ওপর ময়লা ফেলছেন। পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে, পালবাজারের কাঁচাবাজারের কিছু ব্যবসায়ী বাজারের বর্জ্য এনে এখানে ফেলে যাওয়ার কারণেই মূলত এই সমস্যার সৃষ্টি হচ্ছে।

পৌরসভার এক কর্মকর্তা বলেন, নির্ধারিত ডাস্টবিন থাকার পরও কিছু অসচেতন ব্যবসায়ী ও মানুষ সড়কের ওপর ময়লা ফেলছেন। আমরা নিয়মিত পরিষ্কার করছি, তবে সবাই সচেতন না হলে এই সমস্যা পুরোপুরি সমাধান করা কঠিন।

স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে এর আগেও বিভিন্ন সময় পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা হয়েছে। তবুও স্থায়ী কোনো সমাধান হয়নি।

রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শহরবাসী দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান চান। তাদের দাবি, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সড়কে ময়লা ফেলা বন্ধে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে এই গুরুত্বপূর্ণ সড়কটি আবারও পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক হয়ে উঠবে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১১ মার্চ ২০২৬