টানা বর্ষণে মতলব সেতুর সড়কের নিচে সুড়ঙ্গ, চলছে জরুরি সংস্কার
টানা বর্ষণের কারণে চাঁদপুরের মতলবে ধনাগোদা নদীর ওপর নির্মিত মতলব সেতুর উত্তর সংযোগ সড়কের নিচে মাটি সরে গিয়ে সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে। এতে সড়কের একটি অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দ্রুত সংস্কার কাজ শুরু করেছে।
শনিবার (১১ জুলাই) সরেজমিনে দেখা যায়, সেতুর উত্তর পাশের বাইশপুর এলাকায় সংযোগ সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় আকারের সুড়ঙ্গ সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ আশপাশের বিভিন্ন জেলার হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে।
স্থানীয়দের দাবি, কয়েক মাস আগে একই স্থানে ধসের ঘটনা ঘটেছিল। পরে সংস্কার করা হলেও সাম্প্রতিক টানা বর্ষণে আবারও সংযোগ সড়কের নিচের মাটি সরে গিয়ে সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে।
চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী বলেন, টানা ভারী বর্ষণের কারণে সংযোগ সড়কের নিচের মাটি সরে গিয়ে সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জনদুর্ভোগ এড়াতে দ্রুত জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে যানবাহন চলাচলে কোনো সমস্যা নেই। সংস্কার কাজ শেষ হলে সড়কটি আগের মতো নিরাপদভাবে ব্যবহার করা যাবে।
সওজ বিভাগ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করে সড়কটি সম্পূর্ণ নিরাপদ করা হবে।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১১ জুলাই ২০২৬