হাইমচরে জুলাই শহিদ দিবস উদযাপন
চাঁদপুরের হাইমচরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে হাইমচর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে উপস্থিত অতিথিরা জুলাই আন্দোলনের তাৎপর্য, শহিদদের আত্মত্যাগ এবং নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, শহিদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। তাঁদের আদর্শ, সাহস ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায়, সত্য ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করবে।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জুলাই শুধু একটি মাসের নাম নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে সমষ্টিগত প্রতিরোধ, সাহস, আত্মত্যাগ ও গণমানুষের ঐক্যের প্রতীক। দেশের জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের স্মরণ করা এবং তাঁদের আদর্শ ধারণ করাই আমাদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে, যাতে তারা দেশপ্রেম, মানবিকতা ও ন্যায়ের পথে এগিয়ে যেতে পারে।”
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার। তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো উদযাপনের মাধ্যমে তরুণ সমাজ দেশের ইতিহাস, ঐতিহ্য ও মহান আত্মত্যাগের ঘটনাগুলো সম্পর্কে জানার সুযোগ পায়। তিনি শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুন নবী, হাইমচর থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জুলাই যোদ্ধা প্রফেসর হারুনর রশীদ গাজী, মোঃ রনি গাজী, জাহিদুল ইসলাম প্রমূখ।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
১৬ জুলাই ২০২৬