প্রত্যেকের উচিত জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ সবসময় স্মরণ করা: মানিক এমপি
জুলাই শহীদ দিবস-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, জুলাই আন্দোলন না হলে আজ সরকারি কর্মকর্তাদের বাইরে অন্য কেউ এভাবে স্বাধীনভাবে এখানে উপস্থিত হতে পারতেন না। তাই শুধু বছরে একবার আলোচনা সভা ও দোয়া মাহফিল করলেই দায়িত্ব শেষ হয় না; আমাদের প্রত্যেকের উচিত জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ সবসময় স্মরণ করা এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা রাখা।
তিনি আরো বলেন, যাঁরা জীবন দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছেন, তাঁদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়া যাবে না। যেসব পরিবার তাঁদের সন্তান হারিয়েছে কিংবা যারা আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন, তাঁদের কষ্টের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। তাঁদের পাশে দাঁড়ানো এবং সর্বোচ্চ সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি চাঁদপুরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য সবাই যেন প্রতিদিন অন্তত একবার হলেও দোয়া করেন।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জুলাইয়ের চেতনাকে ধারণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজ করে যাচ্ছেন। ২০০৯ সালে শেখ হাসিনা অন্যায়ভাবে ক্ষমতা দখলের পর থেকেই আমরা আন্দোলনের মাঠে ছিলাম। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই সেই আন্দোলনের সফল পরিণতি এসেছে। আন্দোলনের সময় সাধারণ ছাত্র-ছাত্রী, ছাত্রশিবির, কওমি মাদ্রাসার শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীরা সম্মুখসারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমার নিজের বাড়িও দুই দফায় পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে এ নিয়ে আমার কোনো দুঃখ নেই। কারণ, জাতি ফ্যাসিবাদমুক্ত হয়েছে—এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।
শেখ ফরিদ আহম্মেদ বলেন, সাংবাদিকরাও জুলাই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আন্দোলনের সময় ধারণ করা ভিডিও ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃত ইতিহাস জানতে পারে। একই সঙ্গে তিনি বলেন, অতীতে যারা অন্যায় করেছে বা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেশের প্রচলিত আইন রয়েছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে; কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া বা কাউকে হয়রানি করা উচিত নয়। তিনি আরও বলেন, আমরা সবসময় জুলাই যোদ্ধাদের পাশে আছি, প্রধানমন্ত্রীও তাঁদের পাশে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। জুলাইয়ের চেতনা ধারণ করে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, শহীদ মো. সাদ্দাম হোসেনেন বাবা মো. জসিম রাজা, জুলাই যোদ্ধা ও জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, জুলাই যোদ্ধা ও জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ, জুলাই যোদ্ধা ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন খান, জুলাই যোদ্ধা ফজলুর রহমান, জুলাই যোদ্ধা ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ হোসেন গাজী, জুলাই যোদ্ধা রিফাত হোসেন, জুলাই যোদ্ধা নাজমুজ সাহাদাত সাকিব, জুলাই যোদ্ধা সাগর হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক পিপি অ্যাড. কোহিনূর বেগম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাঝিসহ আরো অনেক।
আলোচনা সভা শেষে ২০২৪ সালের ফ্যাসিবাদমুক্ত ও সরকার পতন আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে চাঁদপুরের শহীদ পরিবারকে সহায়তা প্রদান করে। সবশেষে ২০২৪ সালের ফ্যাসিবাদমুক্ত ও সরকার পতন আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে শহীদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদ ইমাম মাও. মোশাররফ হোসাইন।
এরপূর্বে সকাল ১০টায় চাঁদপুর শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই শহীদ দিবস-২০২৬ পালন উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পন করেন।
উল্লখ্য, সরকারি গেজেট অনুযায়ী ২০২৪ সালের ফ্যাসিবাদমুক্ত ও সরকার পতন আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে চাঁদপুরের মোট ৩১ জন শহীদ এবং ৩৩১ জন আহত হয়েছে।
স্টাফ রিপোর্টার/
১৬ জুলাই ২০২৬