জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হবে। বিভাগ ও জেলা পর্যায়ের নির্ধারিত কলেজ কেন্দ্রগুলোতে এ পরীক্ষা নেওয়া হবে।

রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক নির্দেশনায় কেন্দ্র পরিচালনা ও পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ভর্তির ওয়েবসাইট থেকে প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কেন্দ্র সচিবকে পরীক্ষার্থীদের নামের তালিকা ডাউনলোড করতে হবে। এরপর পরীক্ষার্থীদের গ্রুপভিত্তিকভাবে আসন বিন্যাস করতে হবে এবং প্রত্যেক পরীক্ষার্থীর মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে।

প্রতিটি কক্ষের আসন সংখ্যা মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান—এই তিন গ্রুপ অনুযায়ী ১০-এর গুণিতকে নির্ধারণ করতে হবে। নিজ প্রতিষ্ঠানে পর্যাপ্ত জায়গা না থাকলে নিকটবর্তী সরকারি বা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে। তবে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে আসন বিন্যাসের তালিকা প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।

পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে হাজিরাপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর মুখমণ্ডল মিলিয়ে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবেই প্রক্সি পরীক্ষার সুযোগ থাকবে না বলে কঠোরভাবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া পাশাপাশি বসা পরীক্ষার্থীদের ভিন্ন সেটের প্রশ্নপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি গ্রুপের জন্য দুটি সেট প্রশ্নপত্র থাকবে এবং ওএমআর শিটে গ্রুপ ও সেট কোড সঠিকভাবে পূরণ করতে হবে। কোনো পরীক্ষার্থী যদি ওএমআর শিটে সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লিখে, তবে তার উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে।

কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে বলা হয়েছে। পরীক্ষার্থী ছাড়া অন্য কারও কেন্দ্র প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষা শেষে উত্তরপত্র (ওএমআর শিট) ও হাজিরাপত্র নির্ধারিত নিয়মে সিলগালা করে একই দিন রাত ৮টার মধ্যে আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। ডাক বা কুরিয়ার সার্ভিসে পাঠানো যাবে না বলেও জানানো হয়েছে।

প্রতিটি পরীক্ষার্থীর জন্য ১২৫ টাকা কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে, যা পরীক্ষা শুরুর তিন দিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষের কাছে জমা দিতে হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব কেন্দ্র কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

১৩ এ প্রি ল ২০২৬

এ জি