জাটকা রক্ষায় হাইমচরে প্রশাসনের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

চাঁদপুরের হাইমচরে জাটকা নিধন প্রতিরোধ ও ইলিশ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

​হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল বর্তমান জাটকা সংরক্ষণ মৌসুম সফল করা। জেলেরা যাতে জাটকা নিধন থেকে বিরত থাকে এবং সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালিত হয়, সে লক্ষ্যে রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।

​সভায় উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ প্রশাসনের সাথে একাত্মতা ঘোষণা করে জাটকা রক্ষায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপি সভাপতি ​মোঃ আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক ​মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, হাইমচর থানা অফিসার ইনচার্জ (ওসি) ​মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ​এবিএম আশরাফুল হক, হাইমচর প্রেসক্লাব ​সভাপতি মোঃ মহসিন মিয়া, সাধারণ সম্পাদক ​জাহিদুল ইসলাম।

​এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

​সভায় ইউএনও অমিত রায় বলেন, “জাটকা আমাদের জাতীয় সম্পদ। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে মা ইলিশ ও জাটকা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। রাজনৈতিক দলগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই অভিযানকে আরও বেগবান করবে।”

​উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জাতীয় সম্পদ রক্ষায় দল-মত নির্বিশেষে কাজ করা প্রয়োজন। সাধারণ জেলেদের সচেতন করার পাশাপাশি কেউ যাতে অবৈধভাবে জাটকা নিধন করতে না পারে, সে ব্যাপারে তারা মাঠ পর্যায়ে তদারকি ও প্রশাসনকে সহায়তা করবেন।

​উল্লেখ্য, জাটকা রক্ষায় বর্তমানে নদীতে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। আজকের এই সমন্বিত সভার ফলে হাইমচর এলাকায় জাটকা বিরোধী অভিযান আরও সফল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)/
৫ এপ্রিল ২০২৬