জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ায় মতলবের রবি পোদ্দারকে ডিসির কৃতজ্ঞতা
মতলব পৌরসভার রিক্সা স্ট্যান্ড থেকে ম্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত সড়কের উপর শত বছরের পুরনো এবং পরিত্যক্ত মঠ ভেঙ্গে ফেলার সম্মতি দেয়ায় রবি পোদ্দারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
রবিবার (২১ জুন) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমামের মাধ্যমে জেলা প্রশাসক আহম্মেদ জিয়াউর রহমানের দেয়া ধন্যবাদ ও কৃতজ্ঞতা পত্রটি রবি পোদ্দারের হাতে তুলে দেয়া হয়।
ওই পত্রে রবি পোদ্দারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে জেলা প্রশাসক বলেন,মতলব পৌরসভার রিক্সা স্ট্যান্ড থেকে ম্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত সড়ক আরসিসিকরণ কাজ বাস্তবায়নের লক্ষে আপনি জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে মহানুভবতা, সহযোগিতাপূর্ণ মনোভাব দায়িত্বশীলতার পরিচয় প্রদান করেছেন তা প্রশংসনীয়।
নগর পরিচালন অবকাঠামো উন্নয়ণ প্রকল্প (IUGIP, LGED)এর আওতায় মতলব পৌরসভা কর্তৃক বাস্তবায়নাধীন এ সড়ক উন্নয়ন কার্যক্রম এলাকার যোগাযোগ ব্যবস্থা,নাগরিক সুবিধা বৃদ্ধি এবং টেকসই অবকাঠামো নির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্পটি বাস্তবায়নের স্বার্থে আপনি জনস্বার্থে আপনি ব্যক্তিগত জায়গায় অবস্থিত মঠ অপসারণে স্বতঃস্ফূর্তভাবে আপনি সম্মতি প্রদান করেছেন । আপনার এই উদার ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করবে এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি অবকাঠামো নির্মাণের পথ সুগম করবে।উন্নয়ন ও জনস্বার্থে আপনার এই দৃষ্টান্ত সামাজিক সচেতনতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে । আপনার আন্তরিক সহযোগিতা ও ইতিবাচক মনোভাবের ফলে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে,যা খুবই প্রশংসনীয়। সেজন্য জেলা প্রশাসক চাঁদপুরের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতার পত্রটি রবি পোদ্দারকে দেয়া হয়েছে। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ধন্যবাদ পত্রটি প্রদানের সময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার প্রকৌশলী ফেরদৌস আলম, প্রথম আলোর মতলব প্রতিনিধি এবং মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক / ২২ জুন ২০২৬