জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য:এমপি ইঞ্জি. মমিনুল হক
চাঁদপুরের শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে গণসংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক দলীয় নেতা-কর্মীদের প্রতি স্থানীয় নির্বাচনে ঐক্যের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের প্রতিটি স্তরের নেতা-কর্মীদের একসাথে কাজ করতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের বিভেদ বা অভ্যন্তরীণ কোন্দল পরিহার করে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, দলকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশগ্রহণের মাধ্যমেই আমরা আগামী দিনে বিজয় অর্জন করতে পারবো।
শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাসের উদ্যোগে এ গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে দল আরও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম, অধ্যক্ষ মোজাহের হোসেন, শাহ মোহাম্মদ আলী, জেলা যুব দলের সাধারণ সম্পাদক আকাশ খান, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার , উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক মাসুদ সিকদার, ছাত্রদলের উপজেলা আহবায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব মোঃ আজগর হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং তারা আগামী নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৮ মার্চ ২০২৬