জনগণকে অনলাইনভিত্তিক ভূমিসেবার প্রতি আগ্রহ বাড়াতে হবে: ডিসি

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। 

তিনি বলেন, বর্তমান সময়ে ভূমিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে দ্রুত, সহজ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ সেবা গ্রহণে জনগণকে আরও সচেতন হতে হবে এবং অনলাইনভিত্তিক ভূমিসেবার প্রতি আগ্রহ বাড়াতে হবে।

তিনি আরও বলেন, এখানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই— তোমরা সবাই ভাই-বোনের মতো মিলেমিশে সারা জীবন বসবাস করবে। আমরা নিজেরা কখনো ঠকবো না এবং অন্য কাউকেও ঠকাবো না। সততা ও মানবিক মূল্যবোধ যেন সবসময় আমাদের জীবনের অংশ হয়ে থাকে। উপস্থিত সকলের প্রতি আমি এ বিষয়টির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানাই।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর,

আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা এবং প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড বাপ্পী দত্ত রনি এর সঞ্চালনায় মেলায় জেলা প্রশাসনের কর্মকর্তা, ভূমি অফিসের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আগত সেবাগ্রহীতারা বিভিন্ন স্টল ঘুরে ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান ও প্রয়োজনীয় তথ্য গ্রহণ করছেন।

১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে। মেলায় ১১টি ভূমিসেবা বিষয়ক স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলের মাধ্যমে সাধারণ জনগণকে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন ভূমিসেবা গ্রহণসহ ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে।

আয়োজকরা জানান, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও দ্রুত ভূমিসেবা পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও ডিজিটাল সেবার আওতায় আনতেই এ মেলার আয়োজন করা হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে জনগণের মধ্যে ভূমিসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ হবে। উল্লেখ্য, সারাদেশে একযোগে ভার্চুয়ালি ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শরীফুল ইসলাম/ ১৯ মে ২০২৬