চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিক, সমাজসেবক ও চাঁদপুর-৩ আসনের সাবেক দু বারের সংসদ সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা জিএম ফজলুল হক। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং চাঁদপুর বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে পৃথক দুটি নামাজে জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর হৃদয় নিংড়ানো ভালোবাসার মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) দুপুরে তাঁকে বাবুরহাট বাজারের নিকটস্থ নিজের গড়া দৃষ্টিনন্দন বাড়ি ‘হক মহলে’র মসজিদের পাশে কবরস্থানে দাফন করা হয়।চাঁদপুর ভ্রমণ
সকল মহলে অসম্ভব জনপ্রিয় জিএম ফজলুল হককে একটু দেখতে এবং শ্রদ্ধা জানাতে তাঁর জানাজায় ছিলো শত শত জনতার ঢল।
বৃহস্পতিবার (১৯ মার্চ ) সকাল ১১ টার পর বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি এবং দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে চাঁদপুর শহরের বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে ইমামতি করেন বাবুরহাট জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি ফারুক আহমেদ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন এবং জানাজায় অংশ নেন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি (চাঁদপুর-৫), শেখ ফরিদ আহমেদ মানিক এমপি (চাঁদপুর-৩), আলহাজ্ব এম এ হান্নান এমপি (চাঁদপুর-৪), চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম ও পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট ছেলে ব্যারিস্টার জিকু। জানাজাপূর্ব আলোচনা পর্ব পরিচালনা করেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান ও মরহুম জিএম ফজলুল হকের ভাগিনা, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী।
জানাজাশেষে বাবুরহাট বাজারের নিকটস্থ জি এম ফজলুল হকের বাড়ি ‘হক মহল’ সংলগ্ন মসজিদের পাশে তাঁকে সমাহিত করা হয়।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২০ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur