চাঁদপুরের ফরিদগঞ্জে চার দশকের পুরোনো একটি জনপ্রিয় ভোটকেন্দ্র স্থানান্তরের প্রশাসনিক শুনানির নোটিশ জারির প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় এলাকাবাসী। কেন্দ্রটি বহাল রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার ৯ নম্বর গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ক্ষুব্ধ বক্তারা বলেন, পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে গত ৪০ বছরেরও বেশি সময় ধরে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করে আসছেন স্থানীয় মানুষ। এই একটি কেন্দ্রেই প্রায় দুই হাজার নিবন্ধিত ভোটার রয়েছেন। অথচ হঠাৎ করেই ইউনিয়ন পরিষদের মাধ্যমে জানা গেল-কেন্দ্রটি স্থানান্তরের বিষয়ে বৃহস্পতিবার জেলা নির্বাচন কার্যালয়ে শুনানির আয়োজন করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, কেন্দ্রের কোনো সাধারণ ভোটার বা অংশীজন কেন্দ্র স্থানান্তরের জন্য লিখিত কিংবা মৌখিক কোনো আবেদন জানাননি। অথচ স্থানীয় একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে কেন্দ্রটি অন্য দুটি দূরবর্তী কেন্দ্রের সাথে একীভূত করার ষড়যন্ত্র চলছে।
তারা আরও বলেন, জনগণের মতামত সম্পূর্ণ উপেক্ষা করে যদি এই ঐতিহ্যবাহী ভোটকেন্দ্রটি স্থানান্তরের অপচেষ্টা চালানো হয়, তবে ফরিদগঞ্জের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অনতিবিলম্বে কেন্দ্রটি আগের স্থানেই বহাল রাখার জন্য নির্বাচন কমিশন ও জেলা এবং উপজেলা প্রশাসনের প্রতি আকুল আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাকির হোসেন খান, ইউনিয়ন জামায়াতের সভাপতি রোকন উদ্দীন তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ইউনিয়ন সভাপতি মাহবুব আলম খান, ইউনিয়ন যুবদল নেতা রাশেদ আইয়ুব হেলাল, পল্লী চিকিৎসক সাইফুল ইসলাম মাল, ব্যবসায়ী দুলাল তালুকদার, বিল্লাল মিজি, ফারুকুল ইসলাম মাল ও মোস্তফা খান বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধন কর্মসূচি শেষে ক্ষুব্ধ এলাকাবাসীর অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৭ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur