চামড়া সঠিকভাবে সংরক্ষণ ও যত্নসহকারে রাখতে হবে : ডিসি আহমেদ জিয়াউর রহমান

পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ, সুষ্ঠু পরিবহন ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে চাঁদপুরে চামড়া ব্যবসায়ী,  বিভিন্ন মাদরাসা,এতিমখানার অধ্যক্ষ, সুপারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) দুপুর ২টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, কোরবানির চামড়া যেন কোনোভাবেই নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। যারা কোরবানির চামড়া বিভিন্ন লিল্লাহ বোর্ডিং বা মাদ্রাসায় দিয়ে থাকেন, তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, চামড়া সঠিকভাবে সংরক্ষণ ও যত্নসহকারে রাখতে হবে।

তিনি আরও জানান, কাঁচা চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত লবণ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং সরকার নির্ধারিত মূল্যের বাইরে বিক্রির কোনো সুযোগ নেই। এছাড়া যত্রতত্র চামড়া স্তূপ করে রাখা যাবে না বলেও তিনি সতর্ক করেন। এ বছর জাতীয় পর্যায়ে চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, চামড়া সংরক্ষণ বিষয়ে জেলা প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ঈদুল আযহা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগও। তাই সবাইকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে চামড়া বিক্রির কোনো সুযোগ নেই। নিজের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, অনেকেই চামড়া সংরক্ষণে লবণ ব্যবহারের গুরুত্ব সম্পর্কে অবগত নন। দ্রুত চামড়া বিক্রি ও যথাযথ সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, ইসলামী ফাউন্ডেশন চাঁদপুর জেলা উপ-পরিচালক সেলিম সরকার, জেলার বিভিন্ন চামড়া ব্যবসায়ী, মাদ্রাসার অধ্যক্ষ,সুপার, চামড়া সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

ক্যাপশন: পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে কোরবানির চামড়া সংরক্ষণ, পরিবহন ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিতকরণে চামড়া ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

১৯ মে ২০২৬

এ জি