চাঁদপুর সড়ক বিভাগে নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান
মোহা. ইউনুস আলী চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। তিনি বিদায়ী নির্বাহী প্রকৌশলী মোঃ আলিউল হোসেন-এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি কিশোরগঞ্জ সড়ক বিভাগে উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৮ সালে সড়ক বিভাগে যোগদানের পর তিনি কক্সবাজার, নাটোর, গাজীপুর এবং সড়ক ভবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। এসব দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দায়িত্ব গ্রহণের পর মোহা. ইউনুস আলী বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণে গুণগত মান নিশ্চিত করা, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখা এবং জনসাধারণের ভোগান্তি কমাতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
নতুন কর্মস্থল চাঁদপুরে দায়িত্ব গ্রহণের পর তিনি আরও বলেন, জেলার সড়ক, সেতু ও অবকাঠামো উন্নয়নে চলমান প্রকল্পগুলো আরও গতিশীল ও মানসম্মতভাবে বাস্তবায়নে তিনি কাজ করবেন। টেকসই অবকাঠামো উন্নয়ন এবং মানুষের যাতায়াত সুবিধা বাড়াতে সড়ক বিভাগের উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করার পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় সমন্বিতভাবে কাজ করে চাঁদপুর জেলার সার্বিক অবকাঠামো উন্নয়নে সড়ক বিভাগের কার্যক্রমকে আরও কার্যকর করা হবে।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
২৯ মার্চ ২০২৬