চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ ১৯টি স্থানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা বিষয় কার্যক্রম চলমান। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত হতে না পারে, সে বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে। একই সঙ্গে মাদক নির্মূলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কারাগারে থাকা মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অভিভাবকদের সন্তানদের প্রতি আরও নজর দিতে হবে। সন্তান কখন ঘুম থেকে উঠছে, কখন ঘুমাতে যাচ্ছে এবং তাদের দৈনন্দিন কর্মকাণ্ডের ওপর খেয়াল রাখা প্রয়োজন। সংস্কৃতি চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে অপরাধপ্রবণতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। মাদক, বিদ্যুৎসহ বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি শুক্রবার বিভিন্ন মসজিদে গিয়ে মুসল্লিদের সচেতন করার আহ্বান জানান তিনি।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনের বিষয়ে জেলা প্রশাসক বলেন, যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ কিছুটা সফল হয়েছে। হাজীগঞ্জেও যানজট সমস্যা নিরসনে অগ্রগতি হয়েছে। সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বাজার মনিটরিং ও পরিবেশ সুরক্ষার বিষয়ে তিনি বলেন, অবৈধ ইটভাটা কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। লাইসেন্স না থাকলে ইটভাটায় আগুন দেওয়া যাবে না। ইটভাটার মালিকদের খালের মাটি ব্যবহার না করার বিষয়েও সতর্ক করা হয়েছে। অবৈধ পলিথিন ব্যবহার নিষিদ্ধের বিষয় গুরুত্ব আরোপ করা হয়েছে, বাজারে ভেজাল খাদ্য প্রতিরোধ ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে।
চাঁদপুর মিনি কক্সবাজার এলাকায় নদীতে চলাচলকারী ট্রলার থেকে একটি কুচক্রী মহল চাঁদা আদায় করছে এমন খবর প্রশাসনের কাছে এসেছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ, নৌ-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন। পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করা এবং নিয়মিত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার ওপর গুরুত্বারোপ করেন।
এ মাসের সভায় মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক, নিয়মিত আইনশৃঙ্খলা পর্যালোচনা ও মোবাইল কোর্ট পরিচালনা, বাজার মনিটরিং ও ভেজাল খাদ্য প্রতিরোধ, কিশোর গ্যাং এবং গ্রাম আদালতের কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান, নৌ পুলিশ সুপার প্রতিনিধি মো: জহুরুল ইসলাম, কোস্টগার্ড স্টেশন কমান্ডার প্রতিনিধি মো: আ: সামাদ, সিভিল সার্জন প্রতিনিধি ডা. জাবেদ, ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহকারী পরিচালক ডা. আশরাফুল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাস চন্দ্র রায়, জেলা জজকোর্টের নারী পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম, জেল সুপার মো: জয়নাল আবেদীন ভূঁইয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিনিধি ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা পরিচালনায়, এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. ইশমাম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, চাঁদপুর সরকারি কলেজ প্রতিনিধি মমিনুল ইসলাম, চাঁদপুর সরকারি মহিলা কলেজ সহকারী অধ্যক্ষ শাহজালাল, এন এস আই সহকারি পরিচালক মো: সাইদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের এডি মো: শফিউদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী হাসেম ও বিআরটিএ মোটরযান পরিদর্শক মো: সেকান্দর।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১৩ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur