আড়াইশ শয্যা বিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সরকারি এই হাসপাতালের চিহ্নিত দালালদের মধ্য থেকে সাহাব উদ্দিন, শাকিল খান (১৯), মাসুদ (৩৫) ও গোলাম রাব্বি (২৭) নামে চারজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। এদের মধ্যে রাব্বি নামে একজন হাসপাতালে আউটসোর্সিং সদস্য হিসাবে কাজ করে। ভুলবশত হাসপাতালের আইডি কার্ড সাথে না আনায় পুলিশের অভিযানে সে আটক হয়। পরে যাচাই-বাছাই করে তাকে ছেড়ে দেয়া হয়।
ডিবি সূত্রে জানা যায়, অভিযানের খবর পেয়ে অন্যান্য দালালরা আগেই সরে পড়ে। এছাড়া নারী পুলিশ সদস্য না থাকায় অভিযানের সময় কোনো নারী দালালকে আটক করা সম্ভব হয়নি।
আটককৃতরা সবাই চাঁদপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হাসপাতাল এলাকায় দালাল চক্র নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
উল্লেখ্য: ১এপ্রিল চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক হাসপাতাল পরিদর্শনকালে দালাল নির্মূলে কঠোর নির্দেশনা দেন। তার এই নির্দেশনার ২৪ ঘন্টা অতিবাহিত না হতেই ডিবি পুলিশের অভিযানে ৪জনকে আটক করা হয়।
প্রতিবেদক: আশিক বিন রহিম
২ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur