চাঁদপুর সদরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস 

চাঁদপুরে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় “পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর সদর, চাঁদপুরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুরের উপপরিচালক, কৃষিবিদ- মোহাম্মদ আবু তাহের। তিনি বলেন, দেশের কৃষিকে টেকসই ও লাভজনক পর্যায়ে নিয়ে যেতে উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সক্ষমতা বাড়ানো এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এখন সময়ের দাবি। কিন্তু দিন দিন আবাদি জমি কমে যাওয়া এবং জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, কম জমি থেকে বেশি উৎপাদন নিশ্চিত করতে নতুন নতুন জাত ও প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে সেই প্রযুক্তি ও জাত স্থানীয় পরিবেশ, জলবায়ু ও আবহাওয়ার সঙ্গে কতটা খাপ খায় সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। বন্যা, খরা, জলোচ্ছ্বাস, মাটির লবণাক্ততা ও দূষণ কৃষির জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, কৃষিকে টিকিয়ে রাখতে আধুনিক ও পরিবেশবান্ধব চাষাবাদের বিকল্প নেই।

কৃষিবিদ- মোহাম্মদ আবু তাহের বলেন, বর্তমান কৃষি এখন আর শুধু শ্রমনির্ভর নয়, এটি আধুনিক, আরামদায়ক ও লাভজনক কৃষিতে পরিণত হয়েছে। কৃষকদের মাঝে বিভিন্ন কৃষিযন্ত্র, উন্নত প্রযুক্তি, বীজ ও কৃষি উপকরণ সরবরাহ করা হচ্ছে। তবে কৃষকদের সচেতনতার সঙ্গে এসব ব্যবহার করতে হবে, যাতে পরিবেশ দূষণ না ঘটে এবং জনস্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে। তিনি কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বারোপ করে সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কৃষিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ সাইফুল হাসান আলামিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন রায়। 

সদর উপজেলার, উপসহকারী কৃষি কর্মকর্তা- আব্দুল খালেকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার- নাজমুন নাহার, কৃষক প্রতিনিধি, দক্ষিণ রালদিয়া পার্টনার ফিল্ড স্কুল পুষ্টি আশিকাটির সভাপতি- ফাতেমা বেগম এবং কৃষক প্রতিনিধি, আমানুল্যাপুর পার্টনার ফিল্ড স্কুল GAP-আলু প্রকল্প, কল্যাণপুরের সভাপতি- সোহাগ মাল।

অনুষ্ঠানে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষিখাতে টেকসই উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এছাড়াও মাঠ পর্যায়ের কৃষকদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় ও কৃষিবিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন ফিল্ড স্কুলের সদস্য, কৃষক-কৃষাণীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/ ১৮ মে ২০২৬