মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের ইউরেশিয়া কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
তিনি বলেন, ইসলামে যাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। সঠিকভাবে যাকাত আদায়ের মাধ্যমে সমাজে বৈষম্য হ্রাস ও দারিদ্র্য বিমোচন সম্ভব।
তিনি আরও বলেন, মাহে রমাদান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে যাকাত ও সদকা আদায়ের মাধ্যমে ধনী-গরিবের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয় এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া। তিনি বলেন, যাকাত কেবল দান নয়; এটি আল্লাহপ্রদত্ত সম্পদের একটি নির্ধারিত হক, যা যথাযথভাবে বণ্টন করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের দায়িত্ব। তিনি সমাজের বিত্তবানদের সঠিক হিসাবের মাধ্যমে যাকাত আদায়ের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আবু নছর আশরাফী।
চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, অধ্যক্ষ হারুন আর রশিদ ও দারুসসালাম মসজিদের ইমাম অধ্যাপক সোহাইল আহমেদ চিশতী।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নেতা মোহাম্মদ হোসাইন, শহর শাখার সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, অ্যাডভোকেট মামুন মিয়াজীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
২৭ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur