চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের ছায়াবাণী রেলক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তায়েবা আক্তারের গলায় ঝুলানো পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, সে চাঁদপুর বিষ্ণুদী মডেল সিনিয়র মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবার নাম তাজুল ইসলাম এবং মায়ের নাম আমেনা বেগম।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর ছায়াবাণী রেলক্রসিং পার হয়ে কিছুটা পূর্বে পৌঁছালে শিক্ষার্থী তায়েবা ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে নিহতের কাছে থাকা মাদ্রাসার একটি পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
তানিয়া আক্তার নামে প্রত্যক্ষদর্শী এক নারী তার ফেসবুক লিখেন, ‘ওই সময় আমি ছায়াবানীর মোড় গেইট লকে দাঁড়ানো ছিলাম। ট্রেনটি চলে যাওয়ার পর ছুটে গিয়ে দেখলাম মেয়েটি কাঁটা পড়ে আছে। গেইট ম্যানকে জিগ্যেস করলাম ঘটনা কি। তিনি বললেন রাস্তা পার হওয়ার সময় নাকি ট্রেন লাইনে মেয়েটি পিছলে পড়ে যায়। উঠার চেষ্টা করেও সে উঠতে পারেনি।’
এ দিকে নিহত শিক্ষার্থী দুর্ঘটনার সময় কেন রেললাইনের ওপর ছিলেন এবং কীভাবে ট্রেনের নিচে কাটা পড়েছেন তা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে রেলওয়ে পুলিশ জানায়, নিহতের সঠিক পরিচয় নিশ্চিত করে স্বজনদের খবর দেওয়ার চেষ্টা চলছে এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ উদ্ঘাটনে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।
প্রতিবেদক: আশিক বিন রহিম,
১৩ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur