Home / চাঁদপুর / চাঁদপুর শহরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা 

চাঁদপুর শহরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা 

চাঁদপুর শহরে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিভিন্ন খাবারের হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। বুধবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সড়কের পাশে নির্মিত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর বাড়ৈ, চাঁদপুর কর নির্ধারক মো. আসাদুজ্জামান শাহরিয়ারসহ পৌরসভা ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারা জানান, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়কের পাশে অবৈধভাবে দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে ওঠায় যান চলাচল ও পথচারীদের চলাফেরায় বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ ছাড়া সড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পৌরসভার কর্মীরা সড়কের পাশে থাকা অবৈধ দোকান, টংঘর ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে দখলদারদের ভবিষ্যতে পুনরায় সড়ক দখল না করার জন্য সতর্ক করা হয়। এদিকে শহরের কয়েকটি খাবারের হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে একটি খাবারের হোটেলকে ২০ হাজার টাকা এবং একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে এসব জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শহরের সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে অবৈধ দখল উচ্ছেদ ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

-শরীফুল ইসলাম, ১৩ মে ২০২৬