Home / চাঁদপুর / চাঁদপুর মাছঘাটে পচা ইলিশ বিক্রি, দু’ব্যবসায়ীকে জরিমানা
মাছঘাটে

চাঁদপুর মাছঘাটে পচা ইলিশ বিক্রি, দু’ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরের ইলিশের আড়ত বড়স্টেশন মাছঘাটে বিক্রির জন্য পচা ইলিশ সংরক্ষণ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে বড়স্টেশন মাছঘাটে এলাকায় এ অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে মূল্য তালিকা না থাকায় দুই হোটেলকে চার হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে চার প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নষ্ট ও পচা ইলিশ বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে আমীর হোসেনকে তিন হাজার টাকা এবং সেলিম হাওলাদারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মূল্য তালিকা না থাকায় খাওয়া দাওয়া হোটেলকে দুই হাজার টাকা এবং আরফান হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা নষ্ট ও পচা ইলিশ মাছ ধ্বংস করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিকভাবে সহযোগিতা করে।জনস্বার্থে ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: শরীফুল ইসলাম,
১৪ সেপ্টেম্বর ২০২৬