চাঁদপুর মডার্ন শিশু একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরের মডার্ন শিশু একাডেমিতে সারাদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মর্ডান শিশু একাডেমির অধ্যক্ষ- ওমর ফারুক এর সভাপতিত্বে বিকালে পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত এজিএম বাংলাদেশ কৃষি ব্যাংক- মোহাম্মদ ইসমাইল হোসাইন, ক্লিন চাঁদপুর-এর প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী- এডভোকেট নুরুল আমিন খান আকাশ (সংবর্ধিত অতিথি), বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার, সাধারণ সম্পাদক- সবুজ ভদ্র, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার, সভাপতি- ফারুক আহমেদ বাদল, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার, সভাপতি- লায়ন গোলাম হোসেন টিটু, পুরান বাজার ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক- শামসুল আলম পাটোয়ারী এবং আনন্দ ভ্রমণ বিষ্ণুদী কল্যাণ সমিতি, চাঁদপুর-এর আহ্বায়ক- এনামুল হক মজুমদার।

পুরস্কার বিতরণী বক্তব্যে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা ও সামাজিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, সহনশীলতা ও দলগত কাজের মানসিকতা তৈরি করে, যা ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনে সহায়ক।

তারা আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে। বক্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান, সন্তানদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও নৈতিক বিকাশে সমান গুরুত্ব দিতে এবং তাদের প্রতিভা বিকাশে উৎসাহিত করতে।

অনুষ্ঠান শেষে ৩৭টি ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়।

সকাল ৮টা ১৫ মিনিটে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাক্তন অভিভাবক ও শিক্ষানুরাগী- মানিকুর রহমান মানিক, এডভোকেট- সাখাওয়াত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা- মোহাম্মদ মহিবুবুল আহসান, অধ্যক্ষ- ওমর ফারুক, মডার্ন শিশু একাডেমি এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ কৃষি ব্যাংক- এম এ মতিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী, সাহসী ও শৃঙ্খলাবদ্ধ হয়ে ওঠে। তারা বিদ্যালয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের ক্রীড়ামুখী জীবনধারায় অভ্যস্ত হওয়ার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৭ ফেব্রুয়ারি ২০২৬