চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির আত্মত্যাগ, বীরত্ব ও স্বাধীনতার অমর স্মৃতিকে নতুন করে স্মরণ করার দিন। এই দিনের তাৎপর্য ধারণ করে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে।
দিবসটি উপলক্ষে সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদের নেতৃত্বে চাঁদপুর শহরের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকার পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয় পরিবারকে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে। শিক্ষা, গবেষণা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে দেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, “চাঁবিপ্রবি জ্ঞানচর্চার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে—এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের চেয়ারম্যান জনাব নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং ক্যাম্পাসে মহান মুক্তিযুদ্ধভিত্তিক একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
২৬ মার্চ ২০২৬