চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল পাটোয়ারীর মাতৃবিয়োগ
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সেক্রেটারী, সমকালের জেলা প্রতিনিধি, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটওয়ারীর মমতাময়ী মা সুলতানা আঙ্গিজ (দিল আঙ্গিজ) ইন্তেকাল করেছেন (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২১ মার্চ ২০২৬) দুপর সোয়া বারোটায় চাঁদপুর শহরের মমিনপাড়াস্থ নিজ
বাসভবনে ৮৮ বছর বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়ে, নাতি, নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সুলতানা আঙ্গিজ (দিল আঙ্গিজ) সাবেক কাস্টমস সুপারিনটেনডেন্ট মরহুম সুলতান আহমেদ পাটওয়ারীর স্ত্রী এবং চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান পাটোয়ারীর মা। তার চতুর্থ ছেলে মঞ্জিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান এবং ছোট ছেলে মহসিন আহমেদ কানাডা প্রবাসী।
স্বজনরা জানিয়েছেন, মরহুমের প্রথম জানাজা বাদ আসর চাঁদপুর শহরের সবদার খান স্কুল মাঠে এবং দ্বিতীয় জানাজা রামপুরের রাঢ়িরচর পাটোয়ারী বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজাশেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২১ মার্চ ২০২৬