চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী ১৮ জন
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ১৮ জন দলীয় নির্বাচনি ফরম সংগ্রহ করেছেন। গতকাল বিকাল ৪ঃ০০ টায় শহরের গনি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত ৮ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীদের দলীয় নির্বাচনী তথ্য ফরম বিতরণ করা হয়েছে।
উক্ত ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা কমিশনার পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের মধ্য থেকে ১৮ জন নির্বাচনী তথ্য ফরম সংগ্রহ করেছেন।
নির্বাচনী তথ্য ফরম সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকে যারা নির্বাচনী দলীয় ফরম সংগ্রহ করেছেন তারা মনে করবেন না যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এর মধ্য থেকে যাচাই-বাছাই করে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে শুধুমাত্র তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। যে সমস্ত নেতাকর্মীরা দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন ঐ সমস্ত নেতাকর্মীদেরকেই দলীয়ভাবে প্রাধান্য দেওয়া হবে। তাই কেউ কারো সাথে কাদা ছোড়াছুড়ি না করে এলাকার উন্নয়নের জন্য সকলের সাথে মিলেমিশে কাজ করে যাবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন প্রকার অন্যায়কে প্রশ্রয় দেয় না। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
নির্বাচনী তথ্য ফরম সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিমুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট সামসুল ইসলাম মন্টু।
এছাড়া উক্ত ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেট/
৬ অক্টোবর ২০২৬