চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও চাঁদপুর পৌর প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পূর্বে তিনি বলেন, “এই বিদ্যালয় থেকে বের হয়ে যারা দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের প্রতি আমার আহ্বান—তারা যেন বিদ্যালয়ের কল্যাণে এগিয়ে আসেন। নিজেদের সফলতার গল্প বর্তমান শিক্ষার্থীদের সামনে তুলে ধরলে তারা পড়ালেখায় আরও মনোযোগী হবে।”
তিনি আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমরা পড়াশোনার সাথে সাথে সব দিক দিয়ে এগিয়ে যাবে—এই প্রত্যাশাই করি।”
শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড—এই বিশ্বাস থেকেই অতীতে সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমি দান করে গেছেন। আমাদের সেই মহৎপ্রাণ ব্যক্তিদের স্মরণ করতে হবে।”
বিদ্যালয়ের জমি দখলের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিদ্যালয়ের মোট জমি ৪৮ শতক থাকার কথা থাকলেও প্রভাবশালী ও দখলদারদের কারণে বর্তমানে মাঠ সংকুচিত হয়ে পড়েছে। তিনি বিদ্যালয়ের জমি উদ্ধারে এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান এবং বলেন, বেদখল হওয়া জমি উদ্ধারের মাধ্যমে বিদ্যালয়ের খেলার মাঠ সম্প্রসারণে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরে আলম পাটোয়ারী ও দীপক দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি তৃষ্ণা ও পৌর নির্বাহী কর্মকর্তা নুর আজম বিন শরীফ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি ও সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি নয়ন মাহমুদ ভূঁইয়া, চাঁদপুর জেলা মহিলা দলের সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী নাহিদ সুলতানা সেতু।
এ সময় উপস্থিত ছিলেন মমতাজ উদ্দিন পৌর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, আমিনুল হক পৌর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাশার, পশ্চিম বিষ্ণুদি পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা পারভিন, পীর মহসিন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব উল্যাহ পাটোয়ারী, সাধারণ সম্পাদক শহীদ ঢালী, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন ভূঁইয়া, জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী, অভিভাবক প্রতিনিধি রিনা বেগম, যুগ্ম সম্পাদক শাহ আলম কিরণসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৪ ফেব্রুয়ারি ২০২৬