চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
ঐতিহ্যবাহী চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য নতুন কোন কর আরোপ ছাড়াই ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
পৌর নির্বাহী কর্মকর্তা নুর আজম শরীফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্লিম উল্যা সেলিম, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির।
আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক, পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাজেটে ২০২৬-২০২৭ অর্থ বছরে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৬৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা, প্রারম্ভিক স্থিতি ৩ কোটি ১৯ লাখ ১৫ হাজার ২৯৪ টাকা, উন্নয়ন খাতে আয় (রাজস্ব উদ্বৃত্ত ব্যতীত) ১৩৪ কোটি ২০ লাখ টাকা।
মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা, সমাপনী স্থিতি ৪ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৯৪ টাকা, উন্নয়ন খাতে ব্যয় (রাজস্ব উদ্বৃত্ত সহ) ১৪৫ কোটি ৭০ লাখ টাকা।
প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব
৩০ জুলাই ২০২৬