Home / সারাদেশ / চাঁদপুর ড্যাফোডিল কলেজে ফের টেস্টে পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬২ শিক্ষার্থী

চাঁদপুর ড্যাফোডিল কলেজে ফের টেস্টে পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬২ শিক্ষার্থী

চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বিক্ষোভ-পরবর্তী পুনঃটেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১১এপ্রিল শনিবার এই ফলাফল প্রকাশ করেন কলেজ কর্তৃপক্ষ। ঘোষিত ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীদের এইচএসসি ফরম ফিলাপের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজ সূত্রে জানা যায়, পুনঃটেস্ট পরীক্ষায় পুরনো প্রশ্নে ৩০০ নাম্বারের তিনটি বিষয়ে পরীক্ষা হয়েছে। এই পরীক্ষায় মোট ১৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ১২৫ জন অংশগ্রহণ করে। এর মধ্যে ৬২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে, যারা এইচ এস সি ফরম ফিলাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে ৫৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
তিন দিনের পরীক্ষা চলাকালে নকলের দায়ে মোট ৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ফলে তাদের ফলাফল বাতিল হিসেবে গণ্য হবে এবং তারা ফরম ফিলাপের সুযোগ পাবে না বলে জানা গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিক্ষোভ ও ফরম ফিলাপ বঞ্চিতদের দাবির প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ পুনরায় টেস্ট পরীক্ষার আয়োজন করে। অভিবাবক এবং স্কুলের একজন অধ্যক্ষসহ ৫ সদস্যের কমিটি গঠনের মধ্যদিয়ে কঠোর তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়, যাতে শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করা যায়।
কলেজ প্রশাসন জানিয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী দ্রুত ফরম ফিলাপের কার্যক্রম সম্পন্ন করা হবে। তবে অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এখনও জানা যায়নি।
সব মিলিয়ে বিক্ষোভ-উত্তেজনার পর এই ফলাফলকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরলেও, যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের মধ্যে কিছুটা হতাশা লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে কলেজ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ফরম ফিলাপ বঞ্চিতদের বিক্ষোভ, শিক্ষকদের অবরুদ্ধ করে রাখার ঘটনা এবং পরবর্তীতে আন্দোলনের পেছনে ইন্ধনদাতাদের সংশ্লিষ্টতা নিয়ে যে আলোচনা তৈরি হয়েছিল, তারই ধারাবাহিকতায় পরিস্থিতি স্বাভাবিক করতে পুনঃটেস্ট পরীক্ষার আয়োজন করা হয়। একই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনসহ প্রশাসনিক নানা পদক্ষেপ গ্রহণ করা হয়, যার প্রেক্ষাপটেই এ ফলাফল প্রকাশ করা হয়েছে।