চাঁদপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির উদ্যোগে অর্থ ও উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এই প্রথম চাঁদপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতি (রেজিঃ ১৯৫২) এর উদ্যোগে অসহায় ও দুস্থ শ্রমিকদের মাঝে নগদ অর্থ ও উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে চাঁদপুর বাস টার্মিনালে সমিতির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ৪৫ জন দুস্থ ও পঙ্গু শ্রমিকের হাতে এ সহায়তা তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ফেরদৌস আলম বাবু বলেন, আমাদের এই আয়োজন শুধুমাত্র সহায়তা প্রদান নয়, এটি শ্রমিকদের পাশে থাকার একটি প্রতিশ্রুতি। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সমিতি সবসময় আন্তরিক থাকবে।

তিনি আরও বলেন, চাঁদপুর বাস টার্মিনালকে একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। টার্মিনাল এলাকায় কোনো ধরনের মাদক সেবন বা বিক্রি এবং জুয়া খেলার কোনো সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি তার বক্তব্যে বলেন, শ্রমিকদের কল্যাণ আমাদের প্রথম অগ্রাধিকার। আজ যারা সহায়তা পেয়েছেন, তারা সমাজের সবচেয়ে অবহেলিত অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একইসাথে টার্মিনালের শৃঙ্খলা বজায় রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরো জানান, টার্মিনালে যেকোনো ধরনের অনিয়ম, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে।

সমিতির সহ-সভাপতি মফিজ উদ্দিন সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন বাস মালিক বাবুল মাঝি, শিপন পাটওয়ারী, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ রিপনসহ অন্যান্য বাস মালিক ও শ্রমিক নেতারা।

অনুষ্ঠান শেষে শ্রমিকদের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় সহায়তা পেয়ে শ্রমিকরা সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

স্টাফ রিপোর্টার/
১৭ মার্চ ২০২৬