চাঁদপুর জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক মো. ইসমাইল হোসেন পাটওয়ারী।

তিনি তার বক্তব্যে বলেন, ছাত্রদল সবসময়ই একটি সুসংগঠিত ও আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে কাজ করে আসছে। সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করতে হলে কলেজ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। কারণ কলেজকে কেন্দ্র করেই ছাত্র রাজনীতির মূল ভিত্তি গড়ে ওঠে। তাই আগামী দিনে আমরা কলেজভিত্তিক সাংগঠনিক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।

তিনি আরো বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুরে আগমন করবেন। তার আগমনকে ঘিরে জেলা ছাত্রদলের প্রত্যেক নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলা বিএনপি যেভাবে নির্দেশনা দেবে, আমরা ছাত্রদল সেই নির্দেশনা অনুযায়ী স্বতঃস্ফূর্তভাবে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবো।

চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মো. ইদ্রিস আলী মুন্না, ইবনে সুলতান মামুন, আল ফারুক শাহরিয়ার, মো. বারেক ভূঁইয়া, মাসুদ পাটোয়ারী, মো. শাহাদাত হোসেন প্রিন্সসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

স্টাফ রিপোর্টার/ ১১ মে ২০২৬