চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুজন ভোক্তার লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে তাঁদের প্রতিকার নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চাঁদপুর শহরের মীর শপিং কমপ্লেক্স, জে এম সেনগুপ্ত রোড ও কালীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে বায়ো কেয়ার সার্জিক্যালকে ১০ হাজার টাকা এবং বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় Her Universe-কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ জরিমানার আদেশ দেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি জানান, অভিযান চলাকালে দুইজন ভোক্তার লিখিত অভিযোগেরও নিষ্পত্তি করা হয়। এর মধ্যে একজন ভোক্তা সোহাগ সুজ (মীর শপিং কমপ্লেক্স) থেকে জুতা কেনার কয়েক দিনের মধ্যে সোল খুলে যাওয়ায় অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁকে নতুন এক জোড়া জুতা দেওয়া হয়। অন্যদিকে Her Universe থেকে পণ্য কেনার পর পছন্দ না হওয়ায় এক ভোক্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি তাঁকে ক্রয়মূল্য ফেরত দেয়।
অভিযানে চাঁদপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ভোক্তা অধিকার সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: আশিক বিন রহিম,
১২ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur