চাঁদপুর আউটার বয়েজ ফুটবল ক্লাবের জার্সি উন্মোচন ও পরিকল্পনা ঘোষণা
চাঁদপুরে ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছে “চাঁদপুর আউটার বয়েজ ফুটবল ক্লাব”। ২০০১ সালে মো.মাহবুবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত এ ক্লাবটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন স্পোর্টস কার্যক্রমের মাধ্যমে এলাকার যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করে আসছে। এরই ধারাবাহিকতায় ৪ এপ্রিল চাঁদপুর জেলা স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির নতুন জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের বর্তমান কমিটির সদস্যবৃন্দ, খেলোয়াড় এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীগণ ।
নতুন জার্সি উন্মোচনের পাশাপাশি ক্লাবটিকে নতুন আঙ্গিকে সাজানোর ঘোষণাও দেয়া হয়। এ সময় ক্লাবের নতুন কমিটি ও সকল সদস্যগণ অঙ্গীকার করেন যে, ভবিষ্যতে তারা কেবল ক্রীড়াঙ্গনেই নয়, চাঁদপুরের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও নিজেদের সম্পৃক্ত রাখবেন।
ক্লাব কর্তৃপক্ষ জানান, যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সেই লক্ষ্যেই তারা নিয়মিত খেলাধুলার আয়োজন, নতুন খেলোয়াড় তৈরি এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি যেকোনো দুর্যোগ ও সামাজিক সংকটে ক্লাবটি মানুষের পাশে দাঁড়াবে বলেও প্রত্যয় ব্যক্ত করা হয়। চাঁদপুর আউটার বয়েজ ফুটবল ক্লাব ভবিষ্যতেও ক্রীড়া ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এমনটাই আশা করছেন সংশ্লিষ্টজন।
সামাজিক কার্যক্রমে নতুন উদ্যোগ : খেলাধুলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে “চাঁদপুর আউটার বয়েজ ফুটবল ক্লাব” বর্তমানে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়- সমাজের সার্বিক উন্নয়ন এবং মানবিক সহায়তাকে অগ্রাধিকার দিয়ে নিম্নলিখিত কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হবে ।
১. পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম: এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা।
২. দুস্থ, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি : অর্থনৈতিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা প্রদান।
৩. দরিদ্র অসহায়দের চিকিৎসা সেবা : অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্যে প্রাথমিক চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করার উদ্যোগ।
৪. হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ : দরিদ্র পরিবারের মাঝে নিয়মিত বা বিশেষ সময়ে খাদ্য সামগ্রী বিতরণ করা।
৫. দুর্যোগকালীন সহযোগিতা: বন্যা-ঝড়সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং ত্রাণ সহায়তা প্রদান করা। ক্লাব কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন-এসব উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে এবং যুবসমাজকে মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত করা যাবে।
প্রতিবেদক
আবদুল গনি
৬ এ প্রি ল ২ ০ ২ ৬
এ জি