ঈদুল আজহা উপলক্ষ্যে যেসব পরিবার কোরবানি দিতে পারেনি এমন ৫ হাজারের অধিক পরিবারে কোরবানির মাংস পৌঁছে দিয়েছে চাঁদপুর জেলা জামায়াত। জেলা জামায়াতের আওতাধীন পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আল্লাহর নামে শতাধিক পশু কোরবানি দিয়ে এসব পরিবারে মাংস বিতরণ করা হয়।
শুক্রবার (২৯ মে) দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার সেক্রেটারী ও পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান এসব তথ্য জানান।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে শহরের নিউ ট্রাক রোড আল-আমিন মডেল মাদ্রাসা ক্যাম্পাসে কোরবানির মাংস অসহায় পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়ে কার্যক্রম শুরু করেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়জী।
এ সময় শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহাজাহন খান, সেক্রেটারী শেখ বেলায়েত হোসেন, জয়েন্ট সেক্রেটারী মো. সবুজ খান, জামায়াত নেতা অ্যাড. শেখ আবুল খায়ের মো. সালেহ, সমাজ সেবক আব্দুর শুক্কুর মাস্তান, ওয়ার্ড জামায়াত সভাপতি গোলাম মাওলা সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই দিন এই মাদ্রাসা ক্যাম্পাসে শহর জামায়াতের উদ্যোগে ১০লাখ টাকায় ক্রয় করা ৭ টি ষাড় কোরবানি করা হয়। এসব কোরবানির মাংস শহরে কোরবানি দিতে না পারা ৫শতাধিক পরিবারে পৌঁছে দেয় স্বেচ্ছাসেবীরা।
চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহাজাহন খান বলেন, সংগঠনের পক্ষ থেকে এসব পশু আল্লাহর নামে কোরবানি দেয়া হয়েছে। আমাদের স্বেচ্ছাসেবীরা অসহায় পরিবারগুলোর ঘরে সন্ধ্যার মধ্যে মাংস পৌঁছে দিয়েছে।
চাঁদপুর জেলা জামায়াতের আমির এই বিষয়ে বলেন, বহুবছর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই কাজটি করে আসছে। যেসব পরিবার নানা কারণে কোরবানি দেয়ার সামর্থ রাখেনি। তাদেরকে এই কোরবানির মাংস পৌঁছে দেয়া হয়েছে। সংগঠনের ব্যবস্থাপনায় পুরো জেলায় শতাধিক পশু আল্লাহর নামে কোরবানি করা হয়। এতে আমরা ৫ হাজারের অধিক পরিবারে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে পৌঁছে দিতে সক্ষম হয়েছি।
প্রতিবেদক: আশিক বিন রহিম/ ২৯ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur