চাঁদপুরে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেছেন সংসদ সদস্য মানিক

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে দুই হাজার বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে জেলা পরিষদ সংলগ্ন আঞ্চলিক সড়কের পাশে বৃক্ষরোপন উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বক্তব্যে বলেন, সরকারে বৃক্ষরোপনের যে কর্মসূচি হাতে নিয়েছে তা ধীরে ধীরে বাস্তবায়ন হবে। সরকারি দপ্তরগুলো উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে। এগুলো রক্ষণা বেক্ষণ সংশ্লিষ্ট দপ্তর তদারকি করবেন। কোন যানবাহনের কারণে যদি গাছের ক্ষতি হয়, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, সরকারি দপ্তরের পাশাপাশি নির্বাচনী এলাকা সদর ও হাইমচরে দুই লাখ গাছের চারা বিতরণ করা হবে। সাধারণ মানুষ সহ এই বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন হবে। আর গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য আমাদের সকলের দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে তরুন সমাজ ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ সড়ক বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সড়কের উপবিভাগীয় প্রকৌশলী মো. শাহীন সহ অন্যান্য কর্মকর্তারা।

নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী জানান, সড়ক বিভাগ চাঁদপুরের আওতাধীন সড়কগুলোতে ১৬০ দিনের মধ্যে ২ হাজার বৃক্ষরোপন করা হবে। আজকের বৃক্ষরোপনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলো।

প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব
১ এপ্রিল ২০২৬