চাঁদপুরে অভিযান চালিয়ে ১৪ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি দল চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি যাত্রীবাহী স্টিল বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ১৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানা-এ হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম
২০ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur