চাঁদপুরে হোটেল এন্ড রেস্টুরেন্ট-কে ১০ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের কোর্ট স্টেশন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে বাসি গ্রিল ও চাপ কাঁচা মাংসের সঙ্গে বিক্রির জন্য সংরক্ষণ এবং খাবার যথাযথভাবে ঢেকে না রাখার অপরাধে চাঁদপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।
এ সময় বাসি গ্রিল ও চাপ ধ্বংস করা হয়। পাশাপাশি নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা অধিকারবিষয়ক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১৬ জুন ২০২৬