চাঁদপুরে হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং তাদের রোজাদার স্বজনদের মাঝে রান্না করা ইফতার বিতরণ করেছে বড়স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১ মার্চ রোববার বিকেলে আড়াইশ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এই মানবিক কর্মসূচি পালন করা হয়। সংগঠনের উপদেষ্টা পরিষদ, কার্যকরী পরিষদ এবং সাধারণ সদস্যরা ইফতারের আগ মুহূর্তে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে গিয়ে তিন শতাধিক মানুষের হাতে এই ইফতার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ আহমেদ (কাজল), বড়স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ফয়সাল আহমেদ বাহার, মোস্তফা মাল, শামসুল আলম সূর্য, নারী উদ্যোক্তা ও সংগঠক তানিয়া ইসলাম।
বড়স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাসেল পারভেজের নেতৃত্বে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য আমিনুল ইসলাম, কবির হোসাইন, নাসরিন সুলতানা মিলি, সাদিয়া ইসলাম রুমা, কার্যকরী সিনিয়র সদস্য মুকবুল আহমেদ, সদস্য সাইফুল খান, আবির হোসেন, সাইম জমাদারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এসময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ আহমেদ (কাজল) বলেন, আমাদের এই হাসপাতালে ধারণক্ষমতার চেয়েও বেশি সংখ্যক রোগী চিকিৎসা নিচ্ছেন। আজকে বড়স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি থাকা রোগী এবং তাদের স্বজনদের ইফতার দেওয়া হয়েছে। এটি একটি ব্যতিক্রমী এবং মানবিক কাজ। আমি এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
সংগঠনের উপদেষ্টা ফয়সাল আহমেদ বাহার বলেন, বড়স্টেশন কমিউনিটি বরাবরই ব্যতিক্রম সব মানবিক কাজ করে থাকে। যেমন অসচ্ছল ও অসুস্থ মানুষদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা, দুর্যোগে কিংবা উৎসবে অসহায় মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করা, ঘরহীন মানুষদের ঘর করে দেওয়া, গরিব মেয়েদের লেখাপড়া ও বিবাহে সহযোগিতা করা, কর্মহীন মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ নানাবিধ সামাজিক কার্যক্রম করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রোগীদের মাঝে ইফতার দেওয়া হয়েছে।আমি সংগঠনটির এই মানবিক কর্মকান্ডের সাফল্য কামনা করছি।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur