চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ৩য় তলায় হামের জন্য নির্ধারিত ওয়ার্ডে রোগীর চাপ বেড়েই চলেছে। বর্তমানে এ ওয়ার্ডে ৩৪ জন শিশু রোগী ভর্তি রয়েছে। তবে গত চার দিনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে ৫ জন ছুটি নিয়েছে। ১৭ এপ্রিল ১ জন, ১৮ এপ্রিল সর্বোচ্চ ১৭ জন এবং ১৯ এপ্রিল রোববার ১০ জন শিশু ছাড়পত্র পেয়েছে। একই দিনে অর্থাৎ রোববার দুপুর পর্যন্ত নতুন করে আরও ৮ জন হামের শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে গত ১৬ এপ্রিল শিশু ওয়ার্ডে হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে ১ শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে।
এদিকে হাসপাতালের নিচতলায়ও হামের উপসর্গ নিয়ে আগত রোগী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে, যা পরিস্থিতির উদ্বেগজনক দিক নির্দেশ করছে।
এদিকে, জেলায় হামের সংক্রমণ রোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। চাঁদপুর সদর হাসপাতালে ইতোমধ্যে হামের টিকা প্রদান শুরু হয়েছে এবং সদর, পৌরসভা ও হাইমচর উপজেলায় প্রায় ৭২ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন নির্ধারিত কেন্দ্রে শতাধিক শিশু টিকা নিচ্ছে, তবে হাসপাতাল কেন্দ্রে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, টিকাদান কার্যক্রম চলমান থাকলেও অভিভাবকদের আরও সচেতন হয়ে শিশুদের দ্রুত টিকার আওতায় আনার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/ ২০ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur