Home / চাঁদপুর / চাঁদপুরে স্বামীর সাথে ফোনে কথা বলার পর গৃহবধুর আত্ম হ/ত্যা
স্বামীর

চাঁদপুরে স্বামীর সাথে ফোনে কথা বলার পর গৃহবধুর আত্ম হ/ত্যা

চাঁদপুরে স্বামীর সঙ্গে ফোনে কথা কাটাকাটির পর এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, দীর্ঘদিনের নির্যাতন ও যৌতুকের চাপে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের দফাদার বাড়িতে ফারজানা আক্তার (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি ঐ এলাকার আব্দুর রহমানের বড় মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় আট মাস আগে পারিবারিকভাবে সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের শাহাজান কবিরাজ বাড়ির মমিন গাজীর সঙ্গে তার বিয়ে হয়। অভিযোগ রয়েছে, বিয়ের পর স্বামী তাকে শ্বশুরবাড়িতে রেখে খোঁজখবর নিতেন না। পাশাপাশি শাশুড়ি ও স্বামী যৌতুকের জন্য চাপ দিতেন। ঘটনার কিছুক্ষণ আগে স্বামীর সঙ্গে তার ফোনে বাকবিতণ্ডা হয়। এরপর নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফারজানা।

নিহতের বাবা আব্দুর রহমান জানান, বিয়ের আট মাসের মধ্যে প্রায় পাঁচ মাস মেয়েকে বাবার বাড়িতে রেখে দেওয়া হয় এবং এ সময় স্বামী তার কোনো খোঁজ নেননি। তিনি আরও অভিযোগ করেন, স্বামী ও শাশুড়ি যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতেন এবং মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন। ঘটনার কয়েক মিনিট আগেও মেয়ের সঙ্গে তার স্বামীর ফোনে কথা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোখলেসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এসআই মোখলেসুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তরুণী আত্মহত্যা করেছেন। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা কারও সংশ্লিষ্টতা থাকলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ ফয়েজ আহমেদ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
৩ মার্চ ২০২৬