Home / চাঁদপুর / চাঁদপুরে শহরে ফ্ল্যাট বাসায় দুর্ধর্ষ চুরি

চাঁদপুরে শহরে ফ্ল্যাট বাসায় দুর্ধর্ষ চুরি

চাঁদপুর শহরের পালপাড়া শান্তিধারা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র সুকৌশলে ঘরের ভেতর প্রবেশ করে  স্বর্ণালংকার এবং নগদ টাকা নিয়ে গেছে। গত ৩০ মে রাতের কোন এক সময়ে স্থানীয় মোঃ মজিবুর রহমানের মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া নূর মোহাম্মদের বসত ঘরে এই ঘটনা ঘটে। এতে খেটে-খাওয়া একটি মধ্যবিত্ত পরিবার অনেকটা নিঃস্ব হয়ে পড়েছে।

এ বিষয়ে গত ৩ মে রাতে ভুক্তভোগী নূর মোহাম্মদের স্ত্রী ঝর্না বেগম চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি জানান, অনেকদিন ধরে তারা চাঁদপুর শহরের পালপাড়া শান্তিধারা আবাসিক এলাকার স্থানীয় মোঃ মজিবুর রহমানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। ওই বিল্ডিংয়ে তারাসহ ৩টি ভাড়াটিয়া পরিবার রয়েছেন। 

গত ৩০ এপ্রিল তিনি পরিবারের সদস্যদের নিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। পরের দিন সকালে পার্শ্ববর্তী বাড়ির দারোয়ান তাকে ফোন করে জানায়, তাদের ঘরে দরজার তালা খোলা। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে এসে ঘরের আসবাবপত্র এলোমেল এবং আলমারির ড্রয়ারগুলো খোলা অবস্থায় দেখতে পান।

ঝর্না বেগম আরো জানান, তাদের অনুপস্থিতির কোন এক সময়ে চোরের দল সুকৌশলে ঘরের ভেতর প্রবেশ করে। তারা ঘর থেকে প্রায় দেড় ভরী ওজনের স্বর্ণের চেইন, আংটি, একজোড়া কানের দুল, দুটি নাকফুল এবং মেয়ের জামাইর বিদেশে যাওয়ার জন্য গচ্ছিত রাখা সাড়ে ৩ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং চুরি হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানান।

  • আশিক বিন রহিম/৪ মে ২০২৬