প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন। সকাল সাড়ে ৮ টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তিনি রওনা হন । এ সফরে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করবেন। বিএনপি মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বেলা সাড়ে ১২ টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন এবং দুপুর ১ টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপর তিনি সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
বিকেল ৩ টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে জনসমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ডও বিতরণ করা হবে। পরে বিকেল ৫ টায় চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
এরপর সন্ধ্যা সাড়ে ৬ টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম চাঁদপুর সফর। এর আগে সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি চাঁদপুর সফর করেছিলেন।
এদিকে দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে তারেক রহমানের আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তার এ সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এরই মধ্যে বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur