Home / চাঁদপুর / চাঁদপুরে মেয়র প্রার্থী মোশাররফ পক্ষে ১২শ’ শিশুকে ঈদকার্ড ও সালামি প্রদান

চাঁদপুরে মেয়র প্রার্থী মোশাররফ পক্ষে ১২শ’ শিশুকে ঈদকার্ড ও সালামি প্রদান

চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের দিন ১২শ শিশুকে ঈদকার্ড ও সালামি প্রদান করা হয়েছে। শনিবার (২২ মার্চ) সকালে শহরের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত ৮টি ঈদের জামাত প্রাঙ্গণে এই প্রথম এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়।

ব্যতিক্রমী এই উদ্যোগটি বাস্তবায়ন করেন আলহাজ্ব মোশাররফ হোসাইনের একমাত্র সন্তান মারজুক মুঈদ ঐশ্বর্য এবং তার সহযোদ্ধারা। তারা ঈদের নামাজ আদায় করতে আসা ছোট্ট শিশুদের হাতে এই ঈদের উপহার তুলে দেন। শিশুদের জন্য আয়োজিত বিশেষ এই উপহার সামগ্রীর মধ্যে ছিল আকর্ষণীয় ঈদকার্ড, ঈদ সালামি ও চকলেট। ঈদের দিনে এমন ব্যতিক্রমী আয়োজন শহরজুড়ে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

শিশুদের অভিভাবকরা জানান, ঈদের আনন্দকে শিশুদের মাঝে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। একজন পৌরসভার মেয়র পদপ্রার্থীর পক্ষে এমন ব্যতিক্রমী ক্যাম্পেইনকে আমরা সাধুবাদ জানাই। কারণ এমন একটি বিশেষ মুহূর্তে সন্তানের মুখে হাসি ফুটতে দেখে আমাদেরও ভালো লেগেছে।

এ বিষয়ে আলহাজ্ব মোশাররফ হোসাইনের একমাত্র সন্তান মারজুক মুঈদ ঐশ্বর্য জানান, শিশুদের আনন্দই সমাজের প্রকৃত আনন্দ। ভবিষ্যৎ প্রজন্মকে ভালোবাসা ও উৎসাহের মাধ্যমে এগিয়ে নিতে এমন মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
২২ মার্চ ২০২৬