Home / চাঁদপুর / চাঁদপুর বাবুরহাটে মরা মুরগি বিক্রির অপরাধে জরিমানা
মুরগি

চাঁদপুর বাবুরহাটে মরা মুরগি বিক্রির অপরাধে জরিমানা

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে মরা মুরগি বিক্রির জন্য সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।

অভিযানের নেতৃত্ব দেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে মৃত মুরগি বিক্রির জন্য রাখায় ‘মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ’কে ১০ হাজার টাকা এবং মাংসের চর্বিতে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে ‘খান গোস্তের দোকান’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকায় ‘ফাতেমা ফ্যাশন’কে ৩ হাজার ও ‘আঁখি কসমেটিকস’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে জব্দকৃত মৃত মুরগি ও রক্ত মেশানো চর্বি ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবে না বলে অঙ্গীকার করেছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
১২ মার্চ ২০২৬