Home / চাঁদপুর / চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে মাকে হ/ত্যা করলো ছেলে

চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে মাকে হ/ত্যা করলো ছেলে

চাঁদপুর সদর উপজেলায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। রোববার (১৭ মে) রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামের সাদেক খারের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতের নাম জান্নাত বেগম (৪৮)। এ ঘটনায় নিহতের ছেলে রাকিব ও তার ছোট ভাই রিফাতকে (১১) আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, রাকিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক কেনার টাকার জন্য প্রায়ই তিনি মায়ের সঙ্গে ঝগড়া করতেন। ঘটনার রাতে তিনি মায়ের কাছে টাকা দাবি করেন। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে কাঠের টুকরো দিয়ে জান্নাত বেগমের মাথায় আঘাত করেন। এতে আহত অবস্থায় জান্নাত বেগম রাতভর ঘরে পড়ে ছিলেন। সকালে রাকিব বাড়িতে ফিরে মায়ের অসুস্থ হয়ে মৃত্যুর কথা বলে চিৎকার শুরু করেন। তবে নিহতের মাথায় আঘাতের চিহ্ন দেখে পরিবারের সদস্য ও স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে অভিযুক্ত রাকিব ও তার ছোট ভাই রিফাতকে আটক করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ঘটনাটি তদন্ত করছেন উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

স্টাফ করেসপন্ডেট/ ১৮ মে ২০২৬