চাঁদপুর শহরের দক্ষিণ তরুপুরচণ্ডী এলাকায় বসতবাড়ির বাগানে ফুলের পরিচর্যা করতে গিয়ে একাধিক ভিমরুলের কামড়ে ফরহাদ হোসেন সোহাগ (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে তরুপুরচণ্ডী খলিফা বাড়িতে এ ঘটনা ঘটে। সোহাগ ওই বাড়ির মৃত আব্দুল লতিফ খলিফার ছেলে। তিনি এক পুত্র সন্তানের জনক এবং পেশায় ডেভেলপার ব্যবসায়ী ছিলেন।
সোহাগের চাচা শ্বশুর মো. নাছির আলম বলেন, সোহাগ নিজ বাড়ির বাগানে ফুলগাছের পরিচর্যা করতে গেলে একাধিক ভিমরুল তাকে মাথায় কামড় দেয়। তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। এদিকে, রাত ৮টায় নিজ বাড়িতে জানাজা শেষে সোহাগের দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
স্টাফ করেসপন্ডেট/ ৮ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur