Home / চাঁদপুর / চাঁদপুরে বেশি দামে এলপিজি বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে বেশি দামে এলপিজি বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করার অভিযোগে চাঁদপুর শহরে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে শহরের খলিশাডুলী ওয়াপদা গেট এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযানকালে “এলপিজি ট্রেডিং” নামে একটি প্রতিষ্ঠানে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ছিল, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি, বৈধ লাইসেন্স না থাকা, বিক্রয় মেমোতে ঠিকানা উল্লেখ না করা, অগ্নিনির্বাপকের মেয়াদোত্তীর্ণ থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করা। এসব অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযুক্ত ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেছেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিবেদক: আশিক বিন রহিম,

৬ এপ্রিল ২০২৬