চাঁদপুরে বিশ্বকাপ ঘিরে উৎসবের আমেজ

ফুটবল বিশ্বকাপকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চাঁদপুর। বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে শহরের অলিগলি থেকে প্রধান সড়ক পর্যন্ত। ব্রাজিল, আর্জেন্টিনা ছাড়াও বিভিন্ন দেশের রঙিন পতাকা, ব্যানার ও ফেস্টুনে সেজে উঠেছে পুরো শহর। বাড়িঘরের ছাদ, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে উড়ছে প্রিয় দলের পতাকা। সমর্থকদের উচ্ছ্বাসে নতুন প্রাণ ফিরে পেয়েছে শহরের ফুটবল সংস্কৃতি।

মঙ্গলবার (১৬ জুন) চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিশ্বকাপকে ঘিরে তরুণদের মধ্যে সবচেয়ে বেশি উন্মাদনা বিরাজ করছে। কোথাও বন্ধুদের উদ্যোগে বিশাল আকৃতির পতাকা টাঙানো হয়েছে, আবার কোথাও প্রিয় দলের সমর্থনে বের হচ্ছে আনন্দ শোভাযাত্রা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমর্থকদের সরব উপস্থিতি।

শহরের বিভিন্ন চায়ের দোকান, আড্ডাস্থল ও জনসমাগমপূর্ণ এলাকায় ফুটবল নিয়ে আলোচনা জমে উঠেছে। কে হবে চ্যাম্পিয়ন, কোন দলের সম্ভাবনা বেশি, কোন খেলোয়াড় সেরা পারফরম্যান্স দেখাবেন, এসব নিয়ে চলছে প্রাণবন্ত বিতর্ক। তবে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সমর্থকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।

আর্জেন্টিনা সমর্থক শামিম তালুকদার বলেন,“বিশ্বকাপ এলেই অন্যরকম আনন্দ কাজ করে। ছোটবেলা থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করি। চার বছর পর পর এই সময়টির জন্য অপেক্ষা করি। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই বন্ধুদের সঙ্গে নিয়ে বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছি।”

ব্রাজিল সমর্থক সাইফুল ইসলাম বলেন,“ফুটবল বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি আমাদের কাছে একটি উৎসব। দল ভিন্ন হলেও আনন্দটা সবার। আমরা চাই সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সবাই বিশ্বকাপ উপভোগ করুক।”

চাঁদপুর শহরের ব্যবসায়ী রুবেল হোসেন বলেন,“বিশ্বকাপ ঘিরে মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। দোকানে আসা অধিকাংশ ক্রেতাই ফুটবল নিয়ে আলোচনা করছেন। বিকেল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ফুটবলপ্রেমীদের ভিড় দেখা যাচ্ছে। পুরো শহরে উৎসবের আবহ তৈরি হয়েছে।”

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হচ্ছে। অনেকেই নিজ নিজ মহল্লায় সমর্থকদের নিয়ে একসঙ্গে খেলা উপভোগের প্রস্তুতি নিচ্ছেন। এতে করে ফুটবলপ্রেমীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হচ্ছে।

সব মিলিয়ে বিশ্বকাপকে ঘিরে চাঁদপুরে তৈরি হয়েছে এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ। ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা, রঙিন সাজসজ্জা এবং ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে পুরো শহর। ফুটবল বিশ্বকাপের এই আনন্দে মেতে উঠেছে সব বয়সী মানুষ।

প্রতিবেদক: আশিক বিন রহিম/

১৬ জুন ২০২৬