চাঁদপুরে বাংলাদেশ ফুটবল লিগে জয় পেয়েছে মোহামেডান ক্লাব

উৎসবমুখর পরিবেশ ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাহিদুল ইসলাম শান্তর প্রথমার্ধের একমাত্র গোলে ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে সাদাকালোরা।

​বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত এ ম্যাচে ফকিরাপুলের মুখোমুখি হয় মোহামেডান। শুরু থেকেই শক্ত প্রতিরোধ গড়ে তোলে ফকিরাপুল এবং মোহামেডানের ওপর আক্রমণ চালানোর চেষ্টা করে। তবে খেলার ১৮ মিনিটের মাথায় এগিয়ে যায় মোহামেডান। দলের অধিনায়ক, উজবেকিস্তানের ফুটবলার মুজাফফরের নিখুঁত কর্নার কিক থেকে অসাধারণ এক হেডে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন জাহিদুল ইসলাম শান্ত। প্রথমার্ধের শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রাখে মোহামেডান।

​দ্বিতিয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে ফকিরাপুল। বিশেষ করে দলের গাম্বিয়ান স্ট্রাইকার সোলেমান সিলা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও মোহামেডানের শক্তিশালী ও অভিজ্ঞ রক্ষণভাগের দক্ষতার কাছে পরাস্ত হন। ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত কোনো দলই আর গোল করতে না পারায় ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

​ম্যাচ দেখতে মাত্র ২০ টাকার টিকিটে স্টেডিয়ামের গ্যালারিতে ফুটবলপ্রেমীদের ঢল নামে। দেশের সর্বোচ্চ ফুটবলের আসর চাঁদপুরে অনুষ্ঠিত হওয়া এবং গ্যালারিতে বিপুল দর্শক উপস্থিতিতে অংশ নেওয়া ক্লাবগুলোর খেলোয়াড় ও কর্মকর্তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

​এদিকে ম্যাচ উপলক্ষে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব চাঁদপুর স্টেডিয়ামে পৌঁছালে তাদের জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকেও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁদপুরের সুযোগ্য সন্তান মাহবুবুর রহমান শাহিন এবং চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক (স্পোর্টস) মোস্তাকুর রহমান, ক্লাব অফিশিয়াল বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাবুল, সাবেক তারকা ফুটবলার সাঈদ হাসান কানন, চাঁদপুর আবাহনী ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান সফিকুজ্জামান, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু এবং সদস্য ফয়সাল আহমেদ বাহারসহ স্থানীয় ক্রীড়া অনুরাগী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

​উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর চাঁদপুরসহ দেশের ৫টি ভেন্যুতে (বসুন্ধরা কিংস অ্যারেনা, শহীদ বরকত স্টেডিয়াম-গাজীপুর, গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম ও শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম-মানিকগঞ্জ) একযোগে এই লিগের পর্দা ওঠে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ শনিবার বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে ঢাকা আবাহনী লিমিটেড ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
২ অক্টোবর ২০২৬