চাঁদপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে ৫ দিনব্যাপী ফ্যাশন ডিজাইন ফর এসএমইজ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ বুধবার চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন-এর আয়োজনে এবং তৃণমূল নারী উদ্যোক্তা সংগঠনের উদ্যোগে এই কর্মশালায় প্রশিক্ষনতীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সার্টিফিকেট তুলে দেন চাঁদপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা।
তৃণমূল নারী উদ্যোক্তা সংগঠন চাঁদপুর-এর প্রধান সমন্বয়ক এবং রুপলাগী বিউটি পার্লার এন্ড সেলুনের স্বত্বাধিকারী স্বপ্না সোহেলী সুলতানার সভাপতিত্বে ও সাহিত্য একাডেমির পরিচালক আশিক বিন রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাসরিন আক্তার, এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক মোঃ নাজমুল ইসলাম, প্রশিক্ষক সাবা নওরীন।
বক্তারা বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে নারীদের সম্পৃক্ততা বাড়াতে এমন প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজ নিজ উদ্যোগকে আরও শক্তিশালী করতে পারবেন এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবেন। আমরা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
কর্মশালায় চাঁদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত ৩০ জন উদ্যোমী নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাপড়ে ব্লক প্রিন্ট, কাটিং, ডিজাইন উন্নয়ন এবং পণ্য প্রস্তুতের বিভিন্ন ব্যবহারিক কৌশল শেখানো হয়। অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা হাতে-কলমে কাজ শেখার সুযোগ পায়।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
৪ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur